সোমবার থেকে শুরু হল ২০১৮ মাধ্যমিক পরীক্ষা। এদিন বেলা ১২ টা থেকে শুরু হয় প্রথম দিনের পরীক্ষা। তাই পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে করণদীঘি ব্লকের বেশ কিছু স্কুল গেটের সামনে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের করণদীঘির বিধায়ক মনোদেব সিনহা। হাতে গোলাপ ফুল নিয়ে বিধায়কের সাথে উপস্থিত ছিলেন করণদীঘি থানার আইসি পরিমল সাহা। পুলিশের হাতে লাঠির বদলে গোলাপ ফুল দেখে কিছুটা হলেও হতবাক ছাত্র-ছাত্রীরা।
উল্লেখ্য, চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৮,৫৯৩ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ১৪,০৭০ জন ও ছাত্রীর সংখ্যা ২৪,৫২৩ জন। প্রশাসন সূত্রে আরো জানা গেছে, মোট ১০২ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ মহকুমা এলাকায় রয়েছে ৫০ টি ও ইসলামপুর মহকুমা এলাকায় রয়েছে ৫২ টি স্কুল। যার মধ্যে ২২টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।
আই.সি পরিমল সাহা ও বিধায়ক মনোদেব সিনহা বলেন, পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও সাফল্য কামনা করেই তাদের এই উদ্যোগ।